সংবাদ সম্মেলনে নিহত সিনহার মা: ‘এমন হত্যাকাণ্ড যেন আর না ঘটে’
উত্তরদক্ষিণ । সোমবার, ১০ আগস্ট ২০২০ । আপডেট: ২১:০৩
কক্সবাজারে তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা রাশেদ খানের মা নাসিমা আক্তার বলেছেন, ‘এভাবে আর যাতে কেউ প্রাণ না হারায় সেটাই আমরা চাই।’ এখনকার ছোট ছোট শিশুদের সামনে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ হওয়া দরকার বলেও মন্তব্য করেছেন সন্তানহারা এই মা।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া’র নেতারা সোমবার (১০ আগস্ট) দুপুরে উত্তরায় সিনহাদের বাসায় যান তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে। তাদের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান নিহত সিনহার মা নাসিমা আক্তার।
ওই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের স্বার্থে এসময় কক্সবাজারের পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি জানান রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) চেয়ারম্যান খন্দকার নুরুল আফসার। তিনি বলেন, ‘ওই ঘটনায় যে সমস্ত পুলিশ জড়িত ছিল তাদের অস্ত্রগুলো যাতে জব্দ করা হয়। এটা লাগবে তদন্তের খাতিরে। যারা তদন্তের দায়িত্ব নিয়েছে তারা হয়ত- এটা করবে। যারা তদন্তের দায়িত্ব নিয়েছে তারা অত্যন্ত দক্ষ এবং পক্ষপাতহীনভাবে তদন্ত করবে বলে আমাদের বিশ্বাস।’
তদন্তের অগ্রগতিতে সন্তোষ জানান অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। সিনহার মাও ছেলের হত্যা মামলার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। মা নাসিমা আক্তার বলেন, “সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত তদন্তে আমরা সন্তুষ্ট। আমার ছেলে পজিটিভ ছিল এবং সব সময় বলত ‘বি পজিটিভ’ এবং আমিও ‘বি পজিটিভ’র পক্ষে আছি।”
প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে বাহারছড়া চেকপোস্টের কাছে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা অফিসার সিনহা। এই হত্যা মামলায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ সাত পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন। তিন কর্মকর্তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র্যাব।

