আমরাও মেজর সিনহা হত্যার বিচার চাই: ফখরুল
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৫২
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার বিচার চেয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অতি সম্প্রতি মেজর (অব.) সিনহাকে পুলিশ হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগে মামলা করা হয়েছে। অনেক পরিবারের সদস্যরা মামলা করতে সাহস পায় না। গর্বিত সেনাবাহিনীর একজন সাবেক মেজরের এ ধরনের হত্যাকাণ্ডের পর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা, সমগ্র জাতি যেভাবে প্রতিবাদমুখর হয়ে উঠেছে তাতে মেজর সিনহার পরিবার সাহস পাচ্ছে। বিচারপ্রার্থী হতে পারছে। আমরাও মেজর সিনহা হত্যার বিচার চাই।’
একইসঙ্গে তিনি বলেন, ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বিগত ১১ বছরে দেশে প্রায় ৩ হাজার মানুষ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের’ শিকার হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান। এদিন সকালে অনলাইনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিএনপি।
ভাচ্যুয়াল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘২০২০ সালের শুরু থেকে ২৫ জুন পর্যন্ত ১৩৪ জন মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর অধিকাংশই বিরোধীদলীয় নেতাকর্মী। এদের মধ্যে হয়তো আপনাদের কারও ভাই, বন্ধু, স্বজন, প্রতিবেশী আছে। ২০০৯ সাল থেকে গত ১০ বছর সময়ের মধ্যে এ দেশে জেল কাস্টডিতে মারা গেছে ৭৯৫ জন মানুষ। গুম হয়েছে ৬০১ জন মানুষ। ধর্ষণের শিকার হয়েছেন ৭৮০৬ জন নারী। ১৯৩৪ জন শিশু নির্যাতিত হয়েছে, ১৮ জন শিশু হত্যার শিকার হয়েছে।’ একইসঙ্গে তিনি বলেন, এসময় বিএনপি নেতাকর্মীদের নামে ১ লাখের ওপর রাজনৈতিক মামলা হয়েছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘অতি সম্প্রতি মেজর (অব.) সিনহাকে পুলিশ হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগে মামলা করা হয়েছে। অনেক পরিবারের সদস্যরা মামলা করতে সাহস পায় না। গর্বিত সেনাবাহিনীর একজন সাবেক মেজরের এ ধরনের হত্যাকাণ্ডের পর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা, সমগ্র জাতি যেভাবে প্রতিবাদমুখর হয়ে উঠেছে তাতে মেজর সিনহার পরিবার সাহস পাচ্ছে। বিচারপ্রার্থী হতে পারছে। আমরাও মেজর সিনহা হত্যার বিচার চাই, বিনা বিচারে সব হত্যাকাণ্ডের বিচার একদিন এ দেশের মাটিতে হবে, সে আস্থা ও বিশ্বাস রাখি।’ তিনি বলেন, ‘বিনাবিচারে মানুষ খুন-গুম কখনও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না। আমাদের সংবিধান এটাকে সমর্থন করে না। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, ভিন্নমতকে দমন করার জন্য এ ধরনের খুন-গুম-অত্যাচার- নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবেও গণ্য হতে পারে।’

