প্রধানমন্ত্রী সাংবাদিকবান্ধব: কৃষিমন্ত্রী
উত্তরদক্ষিণ । শুক্রবাবার, ১৪ আগস্ট ২০২০ । আপডেট: ২১:০৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকবান্ধব উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, করোনা সংকটকালে প্রধানমন্ত্রী সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন সহযোগিতা নিয়ে। তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতিতে দেশে খাদ্য সংকট মোকাবিলায় সরকারের সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে। করোনার দুর্যোগ চলছে। সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার দুর্যোগও চলছে। তারপরও আশা করা যায়, যে পরিমাণ খাদ্যশস্য বর্তমানে মজুদ রয়েছে, তাতে বাংলাদেশে খাদ্যের কোনো সমস্যা হবে না। শুক্রবার (১৪ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক
অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী প্রতিশ্রুত করোনাকালীন সহায়তার চেক বিতরণ ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কৃষিকমন্ত্রী।
ড. রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সাংবাদিক ও মিডিয়াবান্ধব। যে কারণে করোনার এই দু:সময়েও অসচ্ছল সাংবাদিকদের সহযোগিতায় শেখ হাসিনার সরকার এগিয়ে এসেছে, পাঁশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকদের পাশেই শেখ হাসিনা থাকবেন। সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, এদেশের প্রায় প্রতিটি প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে সাংবাদিকরা সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন, সামনের কাতারে ছিলেন। স্বাধীনতাবিরোধী শক্তি এখনও সক্রিয় রয়েছে। তারা ক্রমাগত মিথ্যাচার করছে।
ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে ও ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ, স্বদেশ প্রতিদিনের সম্পাদক রফিকুল ইসলাম রতন, ডিইউজের যুগ্ম-সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী সোহেল প্রমুখ।

