করোনা সংক্রমণ: জার্মানি-ইতালির পর পাকিস্তানকেও হারাচ্ছে বাংলাদেশ!
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:৫০
করোনা সংক্রমণে বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলে দ্রুতই শীর্ষ তালিকার উপরে উঠে আসছে বাংলাদেশ। এরই মধ্যে করোনার মাতৃভূমি খ্যাত চীনকে পেছনে ফেলার পর জার্মানি, তুরস্ক, ইতালি, ফ্রান্স, ইরাক, কানাডাসহ করোনায় বিধ্বস্ত অনেক দেশকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এখন পাকিস্তানকেও পেছনে ফেলতে চলেছে বাংলাদেশ।
শুক্রবার (২১ আগস্ট) ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বাংলাদেশের চেয়ে পাকিস্তানে আক্রান্ত সংখ্যা মাত্র ১ হাজার ২২৮ জন বেশি। পাকিস্তানে এ পর্যন্ত করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯১ হাজার ৫৬০ জন। আর বাংলাদেশে এই সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন। বর্তমানে পাকিস্তানে সংক্রমণের হার খুবই কম। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে সরকারি হিসাব অনুযায়ী যেখানে নতুন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৪০১ জন, সেখানে পাকিস্তানে এই সংখ্যা মাত্র ৬৩০ জন। ফলে পাকিস্তানকে হয়তো আগামীকাল শনিবারের (২২ আগস্ট) মধ্যেই পেছনে ফেলে শীর্ষ তালিকার ১৫ নম্বরে উঠে আসবে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৪, পাকিস্তান ১৫তম।
শীর্ষ তালিকার এর উপরে আছে সৌদি আরব। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪ হাজার প্রায়। সেখানে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৪৮ জনের। পাকিস্তানে অবশ্য মৃত্যুর হার বেশি। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৬ হাজার ২১৯ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে এই সংখ্যা সৌদির চেয়ে বেশি হলেও পাকিস্তানের চেয়ে কম, ৩ হাজার ৮৬১ জন। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

