সিনহাকে গুলির ঘটনা ‘দেড় মিনিটের’ মধ্যে: র‌্যাব

সিনহাকে গুলির ঘটনা ‘দেড় মিনিটের’ মধ্যে: র‌্যাব

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ আগস্ট ২০২০ । আপডেট: ২০:৪০

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলিবর্ষণের ঘটনাটি দেড় মিনিটের মধ্যে সংঘটিত হয়েছে বলেছেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে সিনহা নিহতের ঘটনাস্থল টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‌’সিনহা নিহত হওয়ার ঘটনাটি গভীরভাবে অ্যানালাইসিস করা হচ্ছে। এই এক-দেড় মিনিটের ঘটনা প্রবাহ বিচার-বিশ্লেষণ চলছে। এতে প্রতিটি সেকেন্ডই গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে তথ্য-উপাত্ত ইতিমধ্যে সংগৃহীত হয়েছে।’

এর আগে শুক্রবার দুপুর ১টায় সিনহার বোনের করা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ লিয়াকত আলী ও টেকনাফ থানর সাবেক এসআই নন্দদুলাল রক্ষিতকে নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামসহ র‌্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছেন। আসামিদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে কী তথ্য খুঁজতে আসা হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল তোফায়েল বলেন, ‘কেন এই ফায়ারিংটা সংঘটিত হয়েছিল? সংক্ষিপ্ততম সময়ের মধ্যে কী এমন ঘটেছিল যে সিনহা গুলিবিদ্ধ হয়েছিল? কিংবা লিয়াকত যেটা বলছে, সিনহা পিস্তল তাক করে ফেলেছিল। এই ১ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে কী এমন হয়েছিল যে, পিস্তল তাক করার মত পরিস্থিতি আসলে হয়েছিল কিনা? আর সে-ইবা কেন ফায়ার করল?’

এ ব্যাপারে অনেক তথ্য-উপাত্ত সংগৃহীত হয়েছে, বলেন র‌্যাবের এ অতিরিক্ত মহাপরিচালক। সংগৃহীত তথ্য-উপাত্ত সম্পর্কে তদন্ত কর্মকর্তা নিজের সন্তুষ্টির জন্য আসামিদের নিয়ে ঘটনাস্থলে পরির্দশনে আসেন বলে মন্তব্য করেন তোফায়েল। সবকিছু অ্যানালাইসিস করে র‌্যাব একটা সন্তোষজনক তদন্ত সম্পন্ন করবে উল্লেখ করে তিনি বলেন, ‘একটা কথা আছে জাস্টিস হারিড, জাস্টিড বারিড; জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। তো হারিড যেন না হয় এবং ডিলেইড যেন না হয়। কোনোটাই যেন না হয়- সেই দু’দিক বিবেচনায় রেখে আমরা কাজ করছি।’

এ সময় র‌্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ, র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক সারোয়ার বিন কাশেম, র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ ও মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজারে পুলিশের গুলিতে সিনহা নিহত হন। এ ঘটনায় তার বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। মামলার আসামি টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলিসহ ৭ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। অন্য দুই পুলিশ সদস্য পলাতক রয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading