করোনা সংক্রমণ: বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি
মোহাম্মদ শিহাব, উত্তরদক্ষিণ । শনিবার, ২২ আগস্ট ২০২০ । আপডেট: ১৭:১০
বিশ্বের অনেকে দেশে করোনার প্রকোপ কমে আসলেও বাংলাদেশে গত সাড়ে ৭ মাসেও কমেনি। দেশে এখনও প্রতিদিন ২ হাজারের বেশি আক্রান্ত হচ্ছে। প্রতিদিন মৃত্যু হচ্ছে ৩০ থেকে ৪৫ জন। শনিবার (২২ আগস্ট) অবশ্য মৃত্যুর সংখ্যা ৪৬ জন। সংক্রমণ ও মৃত্যুর এই গতি অব্যাহত থাকায় বাংলাদেশ দ্রুতই করোনায় বিধ্বস্ত বা সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশগুলোর শীর্ষ তালিকার উপরের দিকে উঠে আসছে। এরই মধ্যে করোনার মাতৃভূমি খ্যাত চীনকে পেছনে ফেলার পর জার্মানি, তুরস্ক, ইতালি, ফ্রান্স, ইরাক, কানাডাসহ করোনায় বিধ্বস্ত অনেক দেশকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এমনকি সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শনিবার পাকিস্তানকেও পেছনে ফেলে শীর্ষ তালিকার ১৫তম স্থানে এখন বাংলাদেশের নাম।
শনিবার (২২ আগস্ট) ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, পাকিস্তানকে পেছনে ফেলে শীর্ষ তালিকার ১৫তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। একদিন আগেও পাকিস্তান ছিল ১৫তম এবং বাংলাদেশ ছিল ১৬তম স্থানে। পাকিস্তানে এ পর্যন্ত করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯২ হাজার ১৭৪ জন। আর বাংলাদেশে এই সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন। বর্তমানে পাকিস্তানে সংক্রমণের হার খুবই কম। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে সরকারি হিসাব অনুযায়ী যেখানে কভিড-১৯ আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৬৫ জন, সেখানে পাকিস্তানে এই সংখ্যা মাত্র ৫৪৬ জন। যদিও বাংলাদেশের চেয়ে পকিস্তানে জনসংখ্যা অনেক বেশি।
শীর্ষ তালিকায় এখন বাংলাদেশের একধাপ উপরে আছে সৌদি আরব। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫ হাজার ১৮৬। সংক্রমণে মধ্যপ্রাচ্যের দেশটি বাংলাদেশের উপরে থাকলেও মৃত্যু সংখ্যা বাংলাদেশের চেয়ে কম। সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৮০ জনের। পাকিস্তানে অবশ্য মৃত্যুর হার বেশি। দেশটিতে এ পর্যন্ত করোনায় ৬ হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে এই সংখ্যা ৩ হাজার ৯০৭ জন।
বিশ্ব করোনা পরিস্থিতি
নভেল করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩১ লাখ ৪১ হাজার ১২২ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৮ লাখ ৩ হাজার ৫৫১ জনের। অপরদিকে, এ পর্যন্ত করোনার সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন ১ কোটি ৫৭ লাখ ২৭ হাজার মানুষ। করোনা বা কভিড-১৯ আক্রান্তদের মধ্যে এই সুস্থতার হার ৯৫ শতাংশ এবং মৃত্যুর হার ৫ শতাংশ।
সংক্রমণ ও মৃত্যু- দুই পরিসংখ্যানেই শীর্ষ তালিকার সবার উপরে থাকা আমেরিকায় আক্রান্ত সংখ্যা প্রায় ৫৮ লাখ, মৃত্যু ১ লাখ ৭৯ হাজার। ব্রাজিলে আক্রান্ত ৩৫ লাখ ৩৬ হাজারের বেশি, মৃত্যু ১ লাখ সাড়ে ১৩ হাজার প্রায়। তালিকার তৃতীয় স্থানে থাকা প্রতিবেশী দেশ ইন্ডিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৯ লাখ ৭৯ হাজার ৫৬২ জন, মৃত্যু ৫৬ হাজার প্রায়। সংক্রমণের সর্বোচ্চ সংখ্যার ভিত্তিতে এর পরে পর্যায়ক্রমে আছে- রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, স্পেন চিলি, ইরান, আর্জেন্টিনা ও ব্রিটেন। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

