করোনায় সাংবাদিক আবদুস শহিদের মৃত্যু, শোক

করোনায় সাংবাদিক আবদুস শহিদের মৃত্যু, শোক

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৫০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আবদুস শহিদের ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার (২৩ আগস্ট) বেলা পৌনে ১১টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আবদুস শহিদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজেসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

পারিবারিক ও এনটিভি সূত্রে জানা গেছে, নভেল করোনাভাইরাসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে আবদুস শহিদ রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ওই হাসপাতালে তিনি আইসিইউতে ভেল্টিলেটরে বেশ কয়েকদিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। সেখান থেকে আর ফেরা হলো না সাংবাদিক শহিদের।

জাতীয় প্রেস ক্লাবের সদস্য আবদুস শহিদের ইন্তেকালে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

অপরদিকে, সিনিয়র সাংবাদিক শহিদের মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের (একাংশ) সভাপতি রুহুল আমীন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের (একাংশ) সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শোক জানিয়েছেন। এক যৌথ শোকবার্তায় সাংবাদিক নেতারা বলেন, আবদুস শহিদের মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন অভিভাবক এবং দক্ষ ট্রেড ইউনিয়ন নেতাকে হারাল। এই মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading