করোনায় দেশে আরও ৪২ মৃত্যু, শনাক্ত ১৮৯৭
উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:০৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ২৪৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে আরও ১ হাজার ৮৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ১০ হাজার ৮২২ জনে।
রবিবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ১২০টি এবং পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৯৩৪টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৫ লাখ ৩৭ হাজার ৭৪৯টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.৯০ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ২০.২১ শতাংশ।
নতুন যে ৪২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৫ এবং নারী ৭ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৩৩৫ জন বা ৭৮.৫১ শতাংশ এবং নারী ৯১৩ জন বা ২১.৪৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩৭ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৪৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৯০৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬৪.৯৬ শতাংশ।

