সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতা থেকে বেরিয়ে আসুন: বিএনপিকে তথ্যমন্ত্রী

সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতা থেকে বেরিয়ে আসুন: বিএনপিকে তথ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:৫৯

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি’র উদ্দেশে বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যে যুক্ত ছিল, সেজন্য আগস্টের শেষদিনে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক অপশক্তিকে ক্রমাগত পৃষ্ঠপোষকতার অপরাজনীতি থেকে বেরিয়ে আসুন।’

সোমবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোকদিবস উপলক্ষে ‘ন্যাপ ভাসানী’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীর সামনে উন্নয়ন-অগ্রগতির এক অনুকরণীয় দৃষ্টান্ত। কিন্তু এখনো একটি রাজনৈতিক দল বিএনপি এই উন্নয়ন-অগ্রগতির প্রধান প্রতিবন্ধক। তারা স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করেন।’

ড. হাছান উল্লেখ করেন, ‘স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার পরাজিত শক্তি স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে রাজনীতি করবে, এটি হতে পারেনা’। তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে সরকারি এবং বিরোধীদল উভয়ই হবে স্বাধীনতার পক্ষের শক্তি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে, বিএনপি দলগতভাবে শুধু স্বাধীনতার বিরুদ্ধাচরণই করেছে না, স্বাধীনতাকামী-মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অস্ত্রধারণকারী গণহত্যা-নারী ধর্ষণের সাথে যুক্ত জামায়াতে ইসলামী হচ্ছে বিএনপি’র প্রধান সহযোগী। অর্থাৎ আজকে বাংলাদেশে স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। এই অপরাজনীতি চিরতরে বন্ধ করতে হবে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘প্রতিক্রিয়াশীল স্বাধীনতা বিরোধী চক্র সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশে রাজনীতি করবে সেটি হতে পারে না। সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম অসাম্প্রদায়িক রাষ্ট্র রচনার জন্যে। সেই দেশে সাম্প্রদায়িক শক্তি রাজনীতি করবে, আর সেটির প্রধান পৃষ্ঠপোষক হবে বিএনপি, এটি হতে পারে না।’

ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা এড. বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি গণি মিয়া বাবুল প্রমুখ। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading