গ্রেনেড হামলার ঘটনায় খালেদার বিরুদ্ধে মামলা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৫:৪৫
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একমাত্র আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ওই হামলার পরিকল্পনাকারী ও হুকুমদাতা হিসেবে তার বিরুদ্ধে এই মামলা করেছেন ‘বাংলাদেশ জননেত্রী পরিষদ’র সভাপতি এ বি সিদ্দিকী। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে এ বিষয়ে প্রাথমিক শুনানি হয়।
বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করার নির্দেশ দিয়েছেন এবং নথি পর্যালোচনার পর আদেশ দেবেন বলে জানিয়েছেন। মামলার বাদী বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী নিজেই এ তথ্য জানান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তিনি এই মামলা দায়ের করেন। এতে দণ্ডবিধির ৩০২, ৩৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার আবেদনে বলা হয়েছে, ২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনাকারী ও হুকুমদাতা এবং বাদীর দৃষ্টিতে ঘটনার প্রধান আসামি হচ্ছেন বেগম খালেদা জিয়া। ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের জবানবন্দিতে থলের বিড়াল বের হয়ে এসেছে। খালেদা জিয়া পরিকল্পনা করেছিলেন মেজর জিয়াউর রহমান যেভাবে আড়ালে থেকে বঙ্গবন্ধুকে হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতা দখলে নিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিলেন, এরপরও তিনি বঙ্গবন্ধু হত্যার আসামি হননি, বেগম খালেদা জিয়াও তার স্বামীকে ফলো করে আড়ালে থেকে জঙ্গিবাদী মুফতি হান্নানের দলবল দিয়ে শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের যারা জীবিত আছেন এবং দলের শীর্ষ নেতাদের খুন করে ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিলেন।

