কোনও অফিসারের গাফিলতি থাকলে ব্যবস্থা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কোনও অফিসারের গাফিলতি থাকলে ব্যবস্থা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ । শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৬:৪০

নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা জেমস ক্লাব এলাকার বায়তুল সালাহ জামে মসজিদে বিস্ফোরণের ঘটনার পেছনে কোনও বিভাগের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ‌্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেছেন, ‘তল্লা ঘনবসতিপূর্ণ এলাকা। গ্যাস লাইন আছে। মসজিদের বর্ধিত অংশের ওপর দিয়ে গ্যাস লাইন গিয়েছে। এসির লাইনে শর্ট সার্কিট হয়েও বিস্ফোরণ ঘটতে পারে। কারণ তার কিছুক্ষণ আগে নাকি বিদ্যুৎ চলে গিয়েছিল।’ শনিবার (৫ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কীভাবে হয়েছে সেটি বড় বিষয় না। বড় বিষয় হলো এতোগুলো মানুষ মারা গেছেন। কোনোভাবে কোনও সরকারি বিভাগ বা অফিসারের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘যেসব মসজিদে এভাবে বিশালভাবে এসি লাগানো হয়েছে, তাদের নিকটস্থ বিদ্যুৎ অফিস থেকে সংযোগ পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। কারণ নিম্নমানের তার ও সার্কিট ব্যবহার করা হচ্ছে অনেক ক্ষেত্রে। অনেকে অনেক কিছু করছে, কিন্তু কেউ কোনও নিয়ম মানছে না। কোনও সাবধানতা অবলম্বন করা হচ্ছে না, আমার কনসার্ন হচ্ছে সেটা। আমাদেরও আরও সাবধান হতে হবে।’ এ ঘটনার তদন্ত প্রতিবেদন এলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজের সময় নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা জেমস ক্লাব এলাকার বায়তুল সালাহ জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। ৬টি এসি ‘একসঙ্গে বিস্ফোরিত হয়’ বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ওই সময় মসজিদের ভেতরে অন্তত ৪০ জন মুসল্লি ছিলেন। ফরজ নামাজ শেষে তারা সুন্নত নামাজ পড়ছিলেন। বিস্ফোরণে তাদের সবাই দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। অন্যদের অবস্থাও আশঙ্কাজনক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading