পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেনও
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০। আপডেট: ১৫:২৬
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সপ্তাহের ৩য় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৩৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে।
এদিন ডিএসইতে এক হাজার ১৯০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২১৪ কোটি ২ লাখ টাকা বেশি। গতকাল (সোমবার) লেনদেন হয়েছিল ৯৭৬ কোটি ১২ লাখ টাকার।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২১৬ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে ২৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১২৯টির দর বেড়েছে, কমেছে ১০৩টির। আর ৪২টির দর অপরিবর্তিত রয়েছে।

