ডিএসসিসি-কে ‘মর্যাদাশীল’ করার ঘোষণা মেয়র তাপসের

ডিএসসিসি-কে ‘মর্যাদাশীল’ করার ঘোষণা মেয়র তাপসের

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১৭:৫৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসিকে একটি স্বয়ংসম্পূর্ণ ও মর্যাদাশীল সংস্থা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ডিএসসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মেয়র তাপস বলেন, ‘আজ আপনারা জনবল সংকটসহ অনেক সমস্যার কথা বলেছেন, অনেক সংকটের কথা বলেছেন। আমি খুব খুশি হতাম, যদি আপনারা বলতেন, ডিএসসিসি’র মর্যাদা ফিরিয়ে আনতে আপনারা নিরলসভাবে পরিশ্রম করবেন। আপনাদের কর্মক্ষেত্র তথা আপনাদের পেশার সম্মান ফিরিয়ে আনতে কাজ করে যাবেন। আপনারা কেউ সেটা বলেননি।

সব প্রতিকূলতা অতিক্রম করেই অর্জন হয়ে থাকে। তাই, আগে কীভাবে চলছে, আমি সেদিকে ফিরে যেতে চাই না। কিন্তু আমার সংস্থায় আমি ভিক্ষা করে চলতে চাই না। বঙ্গবন্ধু স্বাধীনতা দেওয়ার পরে সেই যুদ্ধবিধ্বস্ত অবস্থাতেই বলেছিলেন, আমি ভিক্ষুকের জাতি চাই না। আমি চাই বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হোক। আমার লক্ষ্য থাকবে, জাতির পিতার সেই স্বপ্ন ও প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে ডিএসসিসিকে একটি স্বয়ংসম্পূর্ণ ও মর্যাদাশীল সংস্থা হিসেবে গড়ে তোলা।’

কর্মকর্তা-কর্মচারীদের কাজের সুবিধার্থে ও রাজস্ব আহরণ বৃদ্ধি করার লক্ষ্যে পর্যায়ক্রমে সব সমস্যা ও সংকটের যথাযথ সমাধান করা হবে জানিয়েছেন ডিএসসিসি মেয়র। রাজস্ব আদায় তদারকির লক্ষ্যে প্রতি তিনমাস অন্তর সব কর্মকর্তাদেরকে নিয়ে পর্যালোচনা সভা করা হবে বলেও জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ তাপস।

প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে ডিএসসিসির নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় করপোরেশনের সচিব আকরামুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading