দেশে করোনা শনাক্তের হার ১০%
উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১৫:২০
দেশের গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮২৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হওয়া নমুনার অনুপাতে শনাক্তের হার ১০.৭৩ শতাংশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনা বা কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। এনিয়ে দেশে মোট মারা গেলেন ৪ হাজার ৫৯৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হওয়া নমুনার অনুপাতে শনাক্তের হার ১০.৭৩ শতাংশ। যা গতকালের চেয়েও প্রায় দুই শতাংশ কম। গতকাল এই হার ছিল ১২ শতাংশের সামান্য বেশি। শনাক্তের তুলনায় সুস্থতার হার অনেকটা বেশি, ১৭ দশমিক ৫৯ শতাংশ।
অপরদিকে, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত মোট সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৩১ হাজার ৭৮ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ৪৫২টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৯.৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৩ হাজার ব্যক্তি। এদের নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ২ লাখ ৩০ হাজার ৮০৪ জন কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন। গেল ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, যাদের মধ্যে ১৭ জন ঢাকায়। মৃতদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ১২ জন।

