অপহরণ, রিমান্ড শেষে লোপা তালুকদার কারাগারে
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ১৭:৫৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ফুল বিক্রেতা ৯ বছরের শিশু জিনিয়াকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার নূর নাজমা আক্তার লোপা তালুকদারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে দুদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের এসআই মো. শাহজাহান মিয়া দুই দিনের রিমান্ড শেষে লোপাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষ জামিন আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এদিন আসামিপক্ষে আইনজীবী আতাহার হোসেন ফরাজী জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শরিফুল ইসলাম জামিনের বিরোধীতা করেন।
এর আগে গত ৮ সেপ্টেম্বর অপহরণ মামলায় পুলিশের আবেদনের ভিত্তিতে লোপা তালুকদারকে দু’দিনের রিমান্ডে পাঠান আদালত। এর আগের দিন ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে ‘অপহৃত’ শিশু জিনিয়াকে উদ্ধার করে মহানগর গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। এ সময় লোপা তালুকদাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি প্রলোভন দেখিয়ে জিনিয়াকে অপহরণের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

