খালেদা’র অফিসে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সংঘর্ষ

খালেদা’র অফিসে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সংঘর্ষ

উত্তরদক্ষিণ । শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ‌২০:২৭

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এসএম জাহাঙ্গীর ও এম কফিল উদ্দীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। জানা গেছে, এতে দুজন রক্তাক্তসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার কার্যালয়ের ভেতরে বিএনপির মনোনয়ন বোর্ডের সভা চলাকালে কার্যালয়ের বাইরে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির দুই আগ্রহী প্রার্থী ঢাকা উত্তর যুবদলের সভাপতি এসএম জাহাঙ্গীর এবং ঢাকা মহানগর (উত্তর) বিএনপির যুগ্ম সম্পাদক এম কফিল উদ্দীনের সমর্থকেরা স্লোগান দিচ্ছিলেন। স্লোগানের এক পর্যায়ে এসএম জাহাঙ্গীরের সমর্থকেরা এম কফিল উদ্দীনের সমর্থকদের ওপর হামলা করে। এতে কফিল উদ্দীনের দুই সমর্থকের মাথা ফেটে যায়। আহত হয় বেশ কয়েকজন।

এক পর্যায়ে কফিল উদ্দীনের সমর্থকেরাসহ ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অন্য প্রার্থীদের সমর্থকেরা এক জোট হয়ে এসএম জাহাঙ্গীরের সমর্থকদের ধাওয়া দেয়। এসময় আরও বেশ কয়েকজন আহত হন। পরে এসএম জাহাঙ্গীর ও এম কফিল উদ্দীনের মধ্যস্ততায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে জানার জন্য এম কফিল উদ্দীন এবং এসএম জাহাঙ্গীরকে ফোন দিয়ে পাওয়া যায়নি। গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, তারা দু’জনই মনোনয়ন বোর্ডের সামনে রয়েছেন। কারও সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি তাদের নেই।

এদিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল ৫টায় শুরু হওয়া মনোনয়ন বোর্ডের সভায় প্রথমে ডাকা হয় ঢাকা-৫ আসনে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীদের। এরপর ধারাবাহিকভাবে ঢাকা-১৮, নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হচ্ছে। মনোনয়ন বোর্ডে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ রয়েছেন। ভার্চুয়াল এ বোর্ডে লন্ডন থেকে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

চারটি শূন্য আসনে উপ-নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির আগ্রহী প্রার্থী ২৯ জন। এরা প্রত্যেকেই নির্ধারিত মূল্যে দলীয় ফরম কিনে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জামানতের টাকাসহ জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে ১৭ সেপ্টেম্বর। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনেরে উপ-নির্বাচনের তফসিল কমিশন এখনো ঘোষণা করেনি।

আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫, ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ এবং সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading