বদির বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জগঠন, বিচার শুরুর আদেশ

বদির বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জগঠন, বিচার শুরুর আদেশ

উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ । আপডেট ‌১৯:২০

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১৩ বছর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিভাগীয় স্পেশাল দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেন এ অভিযোগ গঠন করেন।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ এ তথ্য জানিয়েছেন। আদালত আগামী ১৫ অক্টোবর এই মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন বলে তিনি জানান।

১২ বছর আগে এ মামলায় চার্জশিট জমা দিলেও তদানীন্তন সংসদ সদস্য আবদুর রহমান বদির আবেদনে মামলাটি দীর্ঘদিন স্থগিত রেখেছিল আদালত। উচ্চ আদালত ২০১৭ সালে এ স্থগিতাদেশ তুলে নেয়। এরপর অভিযোগ গঠন হতে লেগেছে আরও তিন বছর।

জানা গেছে, ২০০৭ সালে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করে দুদক। মামলায় ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার তথ্য গোপন করার অভিযোগ আনা হয়।

অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলায় আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। নিয়ম অনুযায়ী বদির উপস্থিতিতে আদালতে এদিন অভিযোগ পড়ে শোনানো হয়। এ সময় বদি নিজেকে নির্দোষ দাবি করে সুবিচার চান। পরে বিচারক তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। আগামী ১৫ অক্টোবর এই মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading