ভোমরা দিয়ে পেঁয়াজ আসা আবার বন্ধ

ভোমরা দিয়ে পেঁয়াজ আসা আবার বন্ধ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ । আপডেট: ১৩:১০

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ইন্ডিয়া থেকে বুধবার (২৩ সেপ্টেম্বর) কোনো পেঁয়াজ আমদানি হয়নি। এর আগে গত ১৯ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনে বন্দর দিয়ে মোট ৯৭১ মেট্রিক টন ইন্ডিয়ান পেঁয়াজ দেশে প্রবেশ করে। তারপর বন্দরে পেঁয়াজবাহী কোনো ট্রাক আসেনি।

বন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, ১৯ সেপ্টেম্বর ৩১ ট্রাকযোগে ৭২১ মেট্রিক টন, ২০ সেপ্টেম্বর পাঁচ ট্রাকযোগে ১০৮ মেট্রিক টন, ২১ সেপ্টেম্বর চার ট্রাকযোগে ৯৬ মেট্রিক টন ও ২২ সেপ্টম্বর তিন ট্রাকযোগে ৪৬ মেট্রিক টন ইন্ডিয়ান পেঁয়াজ দেশে আসে।

‘কিন্তু ২৩ সেপ্টেম্বর কোনো পেঁয়াজের ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করেনি। ইন্ডিয়ান ব্যবসায়ীরা গেটপাস নিয়ে রেখেছেন। তবে আজ ট্রাক আসবে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না,’ বলেন তিনি।

এদিকে, ইন্ডিয়ার রপ্তানি নিষেধাজ্ঞার কবলে পড়ে ট্রাক আটকে থাকায় ভোমরা দিয়ে আসা পেঁয়াজের অধিকাংশই নষ্ট হয়ে গেছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম মঙ্গলবার বলেছিলেন, ‘ট্রাকগুলো ভারতের ঘোজাডাঙ্গায় প্রায় এক সপ্তাহ ধরে আটকে থাকায় পেঁয়াজের বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন।’

তিনি জানান, এখনও দুই শতাধিক পেঁয়াজবাহী ট্রাক ইন্ডিয়ায় আটকে রয়েছে, যার কোনো ছাড়পত্র দেয়া হয়নি। এর মধ্যে কিছু পেঁয়াজ ফিরে যাচ্ছে আর কিছু পেঁয়াজ সেখানে খালাস করে স্থানীয়ভাবে বিক্রি করে ফেলছেন ব্যবসায়ীরা। এসব পেঁয়াজ রপ্তানির জন্য প্রস্তুত থাকলেও তা বাংলাদেশে প্রবেশের অনুমতি দিচ্ছে না ইন্ডিয়া সরকার। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading