‘তিস্তার ভাঙন রোধে কয়েকটি দেশের সাথে আলোচনা চলছে’

‘তিস্তার ভাঙন রোধে কয়েকটি দেশের সাথে আলোচনা চলছে’

উত্তরদক্ষিণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ০৮:৩৫

তিস্তা নদীর ভাঙন রোধে প্রকল্প বাস্তবায়নের জন্য চীনসহ কয়েকটি দেশের সাথে আলোচনা চলছে বলে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

তিনি বলেন, ‘দ্রুত তিস্তা নদীর ভাঙন রোধে বৃহৎ প্রকল্পের কাজ শুরু হবে। নদ-নদী ভাঙন রোধে ড্রেজিংসহ বাঁধ নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। পর্যায়ক্রমে দেশের বড় বড় নদ-নদীর ভাঙন রোধে প্রকল্প বাস্তবায়ন করা হবে।’

এদিন বিকালে কুড়িগ্রামে পঞ্চম দফা বন্যায় জেলার ধরলা, ব্রহ্মপুত্র এবং তিস্তা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

জাহিদ ফারুক বলেন, ‘কুড়িগ্রাম-গাইবান্ধা ভাঙন এলাকা সরেজমিনে পরিদর্শন করে স্থায়ী সমাধানে প্রকল্প নেয়া হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে স্বচ্ছল। বিগত ১০ বছর পূর্বে এই অবস্থা ছিল না। সরকারের অর্থনৈতিক সমস্যা নেই। রাতারাতি নদী ভাঙন রোধ করা সম্ভব নয়। প্রকল্প বাস্তবায়নে টেকনিক্যাল কমিটিসহ বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কাজ করতে সময় প্রয়োজন।’ এজন্য কুড়িগ্রামবাসীকে ধৈর্য ধরতে বলেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়ের বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন জাহিদ ফারুক। পরে তিনি মোগলবাসা, চিলমারী রমনা এবং উলিপুর উপজেলার অনন্তপুর, গুনাইগাছটি বাঁধের ভাঙন এলাকা পরিদর্শন করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading