ঢাকার ঐতিহ্য পুনরুদ্ধার করা হবে : ডিএসসিসি মেয়র

ঢাকার ঐতিহ্য পুনরুদ্ধার করা হবে : ডিএসসিসি মেয়র

উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ২০:১০

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকার ঐতিহ্য পুনরুদ্ধার করা হবে, সে লক্ষ্যে আমরা লালকুটিকে পুনরুদ্ধার করতে চাই। সমস্যাগুলো সরেজমিনে দেখেই সিদ্ধান্ত নেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘লালকুঠি, নর্থব্রুক হল আমাদের ঐতিহ্যবাহী স্থাপনা। লালকুঠি পুনরুদ্ধারে এরই মধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। সে কার্যক্রমের অংশ হিসেবে আজকে সরেজমিনে এই লালকুঠি পরিদর্শন।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ৪৩ নম্বর ওয়ার্ডের লালকুঠি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন মেয়র তাপস। সাংবাদিকদের তিনি বলেন, ‘একটি সুন্দর স্থাপত্যশৈলীতে লালকুঠি নির্মাণ করা হয়েছে। আমরা সেটাকে পুনরুদ্ধার করব। এখানে অনুষ্ঠান করব, সামনের নদী থেকে যাতে লালকুঠি দেখা যায় সে ব্যবস্থা করব, আমরা টার্মিনাল সরিয়ে ফেলার কথা বলব। এখানে অন্যান্য যে আগ্রাসী অবকাঠামোগুলো করা হয়েছে সেগুলো ভেঙ্গে ঐতিহ্য ফিরিয়ে আনব।’

মোটর ও ইঞ্জিন চালিত রিকশা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার শেখ তাপস বলেন, নিবন্ধন কার্যক্রম চলছে। ইঞ্জিন মোটর চালিত অযান্ত্রিক বাহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যদি তারা স্বপ্রণোদিত হয়ে এগুলো বন্ধ না করে, তাহলে সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব।

এর আগে তিনি নগরীর ৭ নম্বর ওয়ার্ডে কর্পোরেশনকে গণপূর্ত মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২ দশমিক ৪২ একর জায়গা, রাস্তা-ঘাট ও বাজার, মানিকনগর মডেল হাই স্কুল পরিদর্শন এবং ৪৯ নম্বর ওয়ার্ডে সিটি করপোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়, কর্পোরেশনের ১০ তলা পরিচ্ছন্ন ক্লিনার ভবন নির্মাণ কাজ ও গোলাপবাগ মাঠ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি মানিকনগর মডেল হাই স্কুলের প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং গোলাপবাগ মাঠের চলমান উন্নয়ন কাজ শেষ করার তাগিদ দেন। এ সময় ডিএসসিসি মেয়রের সাথে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন। (বাসস)

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading