বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতন: ইউপি সদস্যসহ গ্রেপ্তার আরও ২
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:৫৭
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিওচিত্র ফেসবুকে ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের একজন মামলার এজাহারের ৫ নম্বর আসামি মো. সাজু (২১)। আরেকজন নির্যাতনের শিকার নারীর ২২ ধারার জবানবন্দিতে অভিযুক্ত একলাশপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ (৪৮)।
এ ঘটনায় ঢাকা ও নোয়াখালীতে এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত চারজনসহ মোট ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ সোমবার (০৫ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে গণমাধ্যমকে জানান, পলাতক আসামি সাজুকে রাত দেড়টার দিকে ঢাকার শাহবাগ এলাকা থেকে জেলা পুলিশের একটি দল গ্রেপ্তার করে। মোয়াজ্জেম হোসেনকে রাত সাড়ে ১২টার দিকে জয় কৃষ্ণপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

