সিঙ্গাপুরে মহামারীর মধ্যে সন্তান নিলে মিলবে অর্থ
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৯:৫৭
করোনাভাইরাস মহামাীর মধ্যে সন্তান নিতে দম্পতিদের উৎসাহিত করতে এককালীন মোটা অংকের অর্থ দেয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর। চাকরি থেকে ছাঁটাই এবং নানাবিধ আর্থিক চাপ মোকাবেলায় অনেক নাগরিকই এখন পিতা-মাতা হওয়ার চিন্তা বাদ দিচ্ছে জানতে পেরে দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
সিঙ্গাপুরে এখনই সন্তান জন্মদানে বেশ কয়েকটি বোনাস চালু আছে; মহামারীর মধ্যে সন্তান নেওয়ার ক্ষেত্রে নতুন যে এককালীন অর্থ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তা আগের বোনাসগুলোর সঙ্গে যুক্ত হবে বলে জানিয়েছে বিবিসি। নতুন এই বোনাসের অর্থ কীভাবে দেওয়া হবে, তার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। বিশ্বের মধ্যে যেসব দেশে শিশু জন্মহার খুবই কম, সিঙ্গাপুর তার অন্যতম। জন্মহার বাড়াতে দেশটি কয়েক দশক ধরেই চেষ্টা করে যাচ্ছে।
সিঙ্গাপুরের প্রতিবেশী কয়েকটি দেশের পরিস্থিতি আবার পুরোপুরি উল্টো। করোনাভাইরাস লকডাউনের মধ্যে ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সে গর্ভধারণের পরিমাণ বেড়ে যাওয়ায় দেশদুটির সরকার বেশ চিন্তিত।
“কোভিড-১৯ এর কারণে অনেক দম্পতি তাদের পিতা-পাতা হওয়ার পরিকল্পনা স্থগিত করেছেন বলে জানতে পেরেছি আমরা,” সোমবার এমনটাই বলেছেন সিঙ্গাপুরের উপ প্রধানমন্ত্রী হেং সোয়ি কিট।
মহামারীর মধ্যে সন্তান নিলে কী পরিমাণ অর্থ বোনাস হিসেবে দেওয়া হবে, এবং কীভাবে দেওয়া হবে সে বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। সিঙ্গাপুরে এখনই সমর্থ পিতা-মাতাকে সন্তান নেওয়ার ক্ষেত্রে ১০ হাজার সিঙ্গাপুরি ডলার পর্যন্ত বোনাস দেওয়া হয়।

