গাজীপুরে স্কুলের ভেতর নিয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণ

গাজীপুরে স্কুলের ভেতর নিয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:৪৫

গাজীপুরের কাশিমপুর এলাকায় এক কিশোরী মাদরাসাছাত্রীকে স্থানীয় একটি স্কুলের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় দুজনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- নওগাঁ সদর থানার রজাকপুর এলাকার সম্রাট হোসেন ওরফে শান্ত ও একই থানার ভবানীপুর এলাকার শাকিল আহম্মেদ। তারা দুজনেই একটি সিরামিক কোমম্পানির কর্মচারী।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন একটি এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকে ওই কিশোরী। বুধবার সকালে কিশোরীর মা-বাবা কাজের জন্য বের হয়ে যান। ওই কিশোরী দুপুরে বাসা থেকে বের হলে পথে সম্রাট ও শাকিল জোর করে ধরে পাশের একটি স্কুলের ভেতর নিয়ে ধর্ষণ করে।

ধর্ষণের পর তাকে ওই স্থানে ফেলে রেখে তারা পালিয়ে যান। পরে কিশোরীর ডাক-চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। সন্ধ্যায় ওই কিশোরীর মা ও বাবা বাড়িতে ফিরে ঘটনাটি জানতে পারেন।

কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading