কক্সবাজারে মাটি খুঁড়ে মিলল ‘নিখোঁজ’ গৃহবধূর লাশ

কক্সবাজারে মাটি খুঁড়ে মিলল ‘নিখোঁজ’ গৃহবধূর লাশ

উত্তরদক্ষিণ | রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:৩৪

কক্সবাজারে শ্বশুরবাড়ির আঙিনায় মাটি খুঁড়ে এক কলেজ শিক্ষকের স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে, গত ছয় দিন ধরে যার কোনো খোঁজ পাচ্ছিলেন না স্বজনরা। গতকাল শনিবার (১৮ অক্টোবর) রাতে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মহেশখালী থানার ওসি আব্দুল হাই।

নিহত আফরোজা বেগম (২৪) হোয়ানক ইউনিয়নের পুঁইছড়া এলাকার মোহাম্মদ ইসহাকের মেয়ে। তার স্বামী রাকিব হাসান বাপ্পী চকরিয়া উপজেলার বদরখালী ডিগ্রি কলেজের প্রভাষক। তিনি উত্তর নলবিলা এলাকার হাসান বশিরের ছেলে।

ওসি বলেন, গত ১২ অক্টোবর শ্বশুর বাড়ি থেকে আফরোজা বেগম ‘নিখোঁজ’ হন। এ ঘটনায় তার বাবা মোহাম্মদ ইসহাক বাদী হয়ে রাকিব হাসান বাপ্পীকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। স্বজনদের পাশাপাশি পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও আফরোজার সন্ধান পাচ্ছিল না।

পরে অনুসন্ধান চালিয়ে পুলিশ নিশ্চিত হয়, আফরোজার লাশ তার শ্বশুরবাড়ির আঙিনায় মাটিতে পুঁতে রাখা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে মাটি খুঁড়ে পুলিশ অর্ধ-গলিত লাশটি উদ্ধার করে বলে জানান ওসি।

তিনি বলেন, নয় মাস আগে রাকিবের সঙ্গে আফরোজার বিয়ে হয়। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। আফরোজার প্রথম স্বামী মারা গেছেন। অন্যদিকে রাকিব হাসান বাপ্পী তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর আফরোজাকে বিয়ে করেন।

“কিন্তু বিয়ের পর থেকে বাপ্পীর সঙ্গে তালাকপ্রাপ্ত স্ত্রীর আবারো যোগাযোগ গড়ে ওঠে। এ নিয়ে আফরোজা ও বাপ্পীর মধ্যে মনোমালিন্য চলছিল।” আব্দুল হাই জানান, আফরোজার ওপর রাকিব অমানুষিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। এ নিয়ে আগে গ্রামে সালিশও হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading