চট্টগ্রামে ২ ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল হামলা
উত্তরদক্ষিণ | বুধবার, ২১ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:৪৯
চট্টগ্রামের লোহাগাড়ায় মঙ্গলবার (২০ অক্টোবর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চালক আহত হয়েছেন। সদর ইউপির ২ নম্বর ওয়ার্ডের নজিবুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আমিরাবাদ ইউপির ৫ নম্বর ওয়ার্ডের উত্তর আমিরাবাদ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর ইউপির ২ নম্বর ওয়ার্ডের নজিবুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট এবং কেন্দ্র দখলের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন চৌধুরী। এ সময় তার গাড়ি লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গাড়িচালক মো. শাহেদ গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।
ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, ভোটকেন্দ্রে অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় আমার গাড়ি লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আমি তেমন আহত না হলেও আমার চালক গুরুতর আহত হন।
এদিকে, আমিরাবাদ ইউপির ৫ নম্বর ওয়ার্ডের উত্তর আমিরাবাদ বিদ্যালয় কেন্দ্রে ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসানের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয় বলেও খবর পাওয়া যায়। তবে এতে কেউ হতাহত হননি।
এ নিয়ে লোহাগাড়ার ইউএনও তৌফিক আহমেদ গণমাধ্যমকে বলেন, ভোটকেন্দ্রে অনিয়মের খবর পেয়ে ম্যাজিস্ট্রেটরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় দুইজন ম্যাজিস্ট্রেটের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়। এরমধ্যে এক গাড়িচালক গুরুতর আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

