প্রাথমিক ও গণশিক্ষায় নতুন সচিব হাসিবুল
উত্তরদক্ষিণ | রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ২০:০৫
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান গোলাম মো. হাসিবুল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার। এই কর্মকর্তাকে গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলি করে রবিবার (২৫ অক্টোবর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেন আগামী ৩১ অক্টোবর থেকে অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। আজ রবিবার তার পিআরএল মঞ্জুর করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
হাসিবুল এর আগে পটুয়াখালী জেলার ডেপুটি কমিশনার (ডিসি), ইআরডির যুগ্ম-সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া হাসিবুল ১৯৮৯ সালে সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। আলাদা আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দুলাল কৃষ্ণ সাহাকে সচিব পদে পদোন্নতি দিয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

