শেষ হচ্ছে দুর্গোৎসব, হবে না বিজয়ার শোভাযাত্রা

শেষ হচ্ছে দুর্গোৎসব, হবে না বিজয়ার শোভাযাত্রা

উত্তরদক্ষিণ | সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:২০

আজ সোমবার (২৬ অক্টোবর) বিজয়া দশমীর পূজার মধ্য দিয়ে শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার মন্দিরে আলোকসজ্জা ও কোনো সাংস্কৃতিক উৎসব, আরতি হবে না। প্রসাদ বিতরণও করা হবে না। এ ছাড়া দশমীর দিনে বিজয়ার শোভাযাত্রাও এবার হবে না।

আজ সকাল ৯টা ৫৭ মিনিট থেকে দশমী বিহিত পূজার লগ্ন শুরু হবে। পূজা শেষে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে পূজার ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হবে। এরপর রাজধানীর বিভিন্ন মন্দির থেকে তাঁদের সুবিধামতো সময়ে বুড়িগঙ্গা বা নিকটবর্তী কোনো জলাধারে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

করোনা মহামারি পরিস্থিতির কারণে এবার সারা দেশে দুর্গাপূজায় চিরাচরিত উৎসবের আয়োজন ছিল না। তবে পূজার ধর্মীয় আচারে কোনো ব্যত্যয় ঘটেনি। অষ্টমীর মতো গতকাল মহানবমীর দিনে রাজধানীর মন্দিরগুলোয় প্রচুর ভক্তের সমাগম ঘটেছিল।

২২ অক্টোবর ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় পাঁচ দিনের শারদীয় দুর্গাপূজা। এবার দেবীর আগমন ঘটেছিল দোলায়। ভক্তদের অঞ্জলি আরতি গ্রহণ করে আজ গজে বিদায় নিচ্ছেন দেবী। গজে বিদায়ের তাৎপর্য হলো ‘শস্যপূর্ণ বসুন্ধরা’, অর্থাৎ ফলে-ফসলে সমৃদ্ধ হবে দেশ। এবার সারা দেশে ৩০ হাজার ২১৩টি পূজা হয়েছে। গত বছর পূজা হয়েছিল ৩১ হাজার ৩৯৮টি। এবার ঢাকা মহানগরে পূজা হয়েছে ২৩২টি।

রাজধানীর বেশ কয়েকটি মন্দিরে অষ্টমী ও নবমীর দিন ভক্তের ভিড় বেড়ে যায়। তবে পূজামণ্ডপগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে। পূজা আয়োজক কমিটি ও ভক্তরা জানান, নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক ছিল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading