রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত
উত্তরদক্ষিণ | শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:০৮
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে গোদাগাড়ী-নাচোল সড়কের কাজিপাড়ার সাঁওতাল পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ীর শাহ আলমের স্ত্রী মাসুদা (৫৫) ও ছেলে মাসুদ (২৪)।
স্থানীয়রা জানায়, মাসুদ তার আত্মীয়ের বাড়ি থেকে মাকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় নাচোলগামী ড্রেজারবাহী একটি লরি ট্রাক মোটরসাইকেলটিকে সরাসরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাসুদ মারা যায় এবং হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মাসুদার।
নিহত মাসুদ ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।

