কল্যাণপুরের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
উত্তরদক্ষিণ | শনিবার, ৩১ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৮:৩১
রাজধানীর কল্যাণপুর এলাকার নতুনবাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ৩ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিটের প্রচেষ্টায় রাত ১১টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, কল্যাণপুর নতুনবাজার বস্তিতে রাত ১০টা ৩ মিনিটে আগুন লাগার খবরে প্রথমে চারটি ইউনিট পাঠানো হয়। ভয়াবহতা বাড়ায় একে একে মোট ১৩টি ইউনিট কাজ করে রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে এ ঘটনার সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, বস্তিতে লাগা আগুনে পুড়ে দুজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন- আনোয়ার হোসনের (২১) ও আক্তার হোসেন (১৯)।
এর মধ্যে আনোয়ারের শরীরের ৭৫ শতাংশ পুড়ে। আক্তার হোসেনের শরীরের ৪০ শতাংশ পুড়েছে।
কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করে জানিয়েছেন, তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।

