শরীয়তপুরে সিলিন্ডার বিস্ফোরণ, মাথার খুলি উড়ে গেল বেলুন বিক্রেতার
উত্তরদক্ষিণ | শনিবার, ৩১ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:২৫
বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শরীয়তপুর সদর উপজেলায় সায়েদ ব্যাপারী (৩০) নামের এক বেলুন বিক্রেতা নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ডোমসার ইউনিয়নের ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় দুই শিশু আহত হয়েছে। তাদের শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত সায়েদ ব্যাপারী উপজেলার তুলাসার ইউনিয়নের দড়িহাওলা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় বেলুন বিক্রি করছিলেন।
আহত দুই শিশু হলো- বেলুন বিক্রেতার ছেলে জাহিদ হাসান (১১) ও ডোমসার গ্রামের দেলোয়ার মাতবরের ছেলে সিয়াম মাদবর (৫)। জাহিদ ৪৪ নং চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
জানা যায়, ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। মাঠের দক্ষিণ-পূর্ব কোণে বেলুন বিক্রি করছিলেন সায়েদ ব্যাপারী। হঠাৎ বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মাথার খুলি উড়ে মারা যান সায়েদ। গুরুতর আহত অবস্থায় শিশু জাহিদ ও সিয়ামকে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হয়।
শরীয়তপুর সদরের পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সায়েদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত দুই শিশুকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টির তদন্ত চলছে।

