করোনায় বিশ্বব্যাপী মানুষের মৃতের সংখ্যা প্রায় ১২ লাখ
উত্তরদক্ষিণ | সোমবার, ০২ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৩১
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ৯৯ হাজার ৬৯৩ জনে দাঁড়িয়েছে।
জেএইচইউ এর তথ্য অনুযায়ী, সোমবার (০২ নভেম্বর) সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৪ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার ৬১৫ জনে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ইন্ডিয়া এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।
আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ৯২ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩০ হাজার ৯৬৭ জন।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিল ও ইন্ডিয়ায়।
বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়ায় প্রায় ৮২ লাখ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ লাখ ২২ হাজার ১১১ জন।
ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৫৫ লাখ ৪৫ হাজার ৭০৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষের।

