শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:২০
চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে যন্ত্রপাতি কেনাকাটায় ‘১২ গুণ বেশি অর্থ’ ব্যয়ের অভিযোগে কেন্দ্রের ব্যবস্থাপকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মঙ্গলবার (৩ নভেম্বর) কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী মামলাটি করেন বলে দুদক পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানান।
শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ভুবন বিজয় দত্ত, উপ-ব্যবস্থাপক মো. মিজানুর রহমান এবং ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স পাওয়ার টেক ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আব্দুল আলীমকে এ মামলায় আসামি করা হয়েছ।
এছাড়া রাজশাহী নেসকো লিমিটেডের প্রধান প্রকৌশলী (উৎপাদন) এ এইচ এম কামাল, নকশা ও পরিদর্শন পরিদপ্তর-১ এর সাবেক পরিচালক মো. তোফাজ্জেল হোসেন (বর্তমানে প্রকল্প পরিচালক, গুলশান ইউনিট-৪, রি-পাওয়ারিং প্রজেক্ট, পিডিবি) ও ক্রয় পরিদপ্তরের সাবেক পরিচালক মো. আবু ইউসুফের নাম রয়েছে আসামির তালিকায়।
মামলার এজাহারে বলা হয়েছে, শিকলবাহা ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য ‘অতি জরুরি বিবেচনায়’ মূল ইপিসি ঠিকাদারদের বাদ দিয়ে এবং টিইসি থেকে দর যাছাই না করে অস্বাভাবিক দামে যন্ত্রপাতি কেনা হয়েছে।
আসামিরা সরকারি অর্থ ‘আত্মসাতের উদ্দ্যেশে’ আড়াই লাখ টাকার যন্ত্রপাতি (৩০ হাজার ১৭ ইউএস ডলার) ‘জাল-জালিয়াতি ও প্রতারণার’ মাধ্যমে দুই কোটি ৯৫ লাখ ৬৫ হাজার (তিন লাখ ৬৫ হাজার ডলার) টাকায় কেনার তথ্য দেখিয়েছেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
‘প্রয়োজন না থাকার পরও’ এসব যন্ত্রপাতি কেনা হয়েছে জানিয়ে মামলায় বলা হয়, যন্ত্রপাতিগুলো বিদ্যুৎ কেন্দ্রের ভাণ্ডারে মজুদ রয়েছে।

