শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বিচ্ছিন্ন
উত্তরদক্ষিণ | শনিবার, ০৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৮:৩০
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুর্ঘটনা কবলিত লরি থেকে জ্বালানি তেল পড়ে যাচ্ছে। কর্মকর্তারা বলছেন, রেল, স্লিপার, কালভার্টসহ বেশ ক্ষতি হওয়ায় সারাতে সময় লাগবে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার শাখাওয়াত হোসেন জানান, বেলা ১২টার দিকে শ্রীমঙ্গল সাতগাঁও রেলওয়ের স্টেশেনের অদুরে চাঁনমারী এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনটির চারটি বগি, একটি পাওয়ারকার এবং পেছনে থাকা একটি সাহায্যকারী ইঞ্জিন লাইনচ্যুত হয়।

“এ ঘটনার পর থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।” রেল বিভাগের কুলাউড়া অঞ্চলের সহকারী প্রকৌশলী (লোক) দুলাল চন্দ্র দাশ জানান, ঘটনার পরপরই কুলাউড়া থেকে উদ্ধারকারী হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে পৌছে ২টা ১০ থেকে কাজ শুরু করেছে।
বিকেল পৌনে ৫টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী মূল ট্রেন ঘটনাস্থলে এসে কাজে যোগ দিয়েছে বলেও জানান তিনি। “রেল, স্লিপার, কালভার্টসহ বেশ ক্ষতি হয়েছে, সারতে সময় লাগবে।”

সরজমিনে দেখা যায়, লরি উল্টে গিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যায়। এ সময় স্থানীয়দের পড়ে যাওয়া তেল সংগ্রহ করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি খুব দ্রুতগতিতে এসে প্রথমে তেলের লরির চাকা লাইন থেকে বেরিয়ে গিয়ে উল্টে যায়। সাথে সাথে লরিতে থাকা পেট্রোল, ডিজেল ও কেরোসিন পড়তে শুরু করে। স্থানীয়রা নিজস্ব পাত্র নিয়ে তা সংগ্রহ করতে থাকেন।

এ ব্যাপারে মেঘনা পেট্টলিয়ামের ডিভিশনারল ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় তাদের প্রায় এক লাখ ৬০ হাজার লিটার ডিজেল, কেরোসিন ও পেট্রোল তেল পড়ে গেছে।

