মুশফিক ঢাকায়, খুলনায় সাকিব, বরিশালে তামিম
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:১৫
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে প্রথম ডাকার সুযোগ পেয়ে বেক্সিমকো ঢাকা দলে নিয়েছে মুশফিকুর রহিমকে। দ্বিতীয় দল হিসেবে সুযোগ পেয়ে জেমকন খুলনা দলে নিয়েছে সাকিব আল হাসানকে। এরপর ফরচুন বরিশাল ডেকেছে তামিম ইকবালকে।
চার ও পাঁচে খেলোয়াড় ডাক দেওয়ার সুযোগ পেয়ে গাজী গ্রুপ চট্টগ্রাম ও মিনিস্টার গ্রুপ রাজশাহী নেয় মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিনকে। প্রথম রাউন্ডে মাহমুদউল্লাহকে নেয়নি কোনও দল। দ্বিতীয় রাউন্ডে এ গ্রেডের ক্রিকেটারকে দলে ভেড়ায় খুলনা।
নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা সাকিব আল হাসানের প্রতি বাড়তি আগ্রহ ছিল। কিন্তু লটারিতে প্রথম ডাকের সুযোগ পেয়েও বাঁহাতি অলরাউন্ডারকে নেয়নি বেক্সিমকো ঢাকা। তাদের পছন্দ ছিল মুশফিকুর রহিম। দ্বিতীয় ডাকে জেমকন খুলনা দলে নেয় সাকিবকে। পরবর্তীতে তারা মাহমুদউল্লাহ রিয়াদকেও দলে নেয়।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট চলছে হোটেল লা মেরিডিয়ানে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট। সব মিলিয়ে ১৫৭ ক্রিকেটারকে ড্রাফটে তোলা হয়েছে। পাঁচ দল সর্বোচ্চ ১৬ জন করে খেলোয়াড় নিতে পারবে। তাতে করোনা মহামারির পর মাঠে ফেরা এই ঘরোয়া প্রতিযোগিতায় খেলতে পারবেন ৮০ ক্রিকেটার।
দেড়শতাধিক ক্রিকেটারের জন্য রয়েছে চারটি ক্যাটাগরি। ‘এ’ গ্রেডে আছেন পাঁচ ক্রিকেটার। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান রয়েছে এই গ্রেডে। তাদের পারিশ্রমিক ১৫ লাখ টাকা।
২১ ক্রিকেটার আছেন ‘বি’ গ্রেডে। ১০ লাখ টাকা পারিশ্রমিক ধরা হয়েছে তাদের। ‘সি’ গ্রেডে আছেন ২৩ ক্রিকেটার, পারিশ্রমিক ৬ লাখ। ‘ডি’ গ্রেডে থাকা ১০৮ ক্রিকেটারের পারিশ্রমিক ৪ লাখ টাকা করে।
পাঁচ দলের টি-টোয়েন্টির জন্য চাওয়া হয়েছিল স্পন্সর। বিসিবির ডাকে সাড়া দিয়েছে পাঁচটি গ্রুপ। পাঁচটি বিভাগের নামে দলগুলোর নামকরণ করা হয়েছে- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।

