পদ্মা সেতু দৃশ্যমান সাড়ে ৫ হাজার মিটার
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৪৫
পদ্মা সেতুর ৩৭তম স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। এতে সেতুর ৫ হাজার ৫৫০ মিটার দৃশ্যমান হলো। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বসানো হয় পদ্মা সেতুর ৩৭তম স্প্যান ‘২-সি’। এ স্প্যানটি বসানোর পর বাকি থাকলো আর মাত্র চারটি স্প্যান। ৩৬তম স্প্যান বসানোর ছয় দিনের মাথায় বসানো হল এ স্প্যানটি। স্প্যানটি সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ৯ ও ১০ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এসব তথ্য নিশ্চিত করেছেন। নির্বাহী প্রকৌশলী জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়াইন-ই ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩৭তম স্প্যানটি নিয়ে নির্ধারিত পিলারের উদ্যেশ্যে রওনা হয়। পরবর্তী প্রক্রিয়ায় কারিগরি সমস্যা না থাকায় এবং আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকায় আজ বৃহস্পতিবারই স্প্যানটি বসিয়ে দেওয়া হয়।
৩৭তম স্প্যানটি বসানোর পর আগামী ১৬ নভেম্বর ১ ও ২ নম্বর পিলারে ৩৮তম স্প্যান ‘১-এ’, ২৩ নভেম্বর ১০ ও ১১ নম্বর পিলারে ৩৯তম স্প্যান ‘২-ডি’, ২ ডিসেম্বর ১১ ও ১২ নং পিলারে ৪০তম স্প্যান ‘২-ই’ ও ১০ ডিসেম্বর মাসে ১২ ও ১৩ নম্বর পিলারে ৪১তম স্প্যান স্প্যান ‘২-এফ’ বসানোর পরিকল্পনা রয়েছে।

