চ্যালেঞ্জ জানাবে নেপাল, ওয়াটকিসের সতর্কবাণী

চ্যালেঞ্জ জানাবে নেপাল, ওয়াটকিসের সতর্কবাণী

উত্তরদক্ষিণ | সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:১০

নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ সামনে রেখে দলকে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। প্রতিপক্ষ এবার আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে বলে মনে করেন তিনি। তবে সেরা ফল নিয়ে শেষ করার ব্যাপারে আশাবাদী ওয়াটকিস।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ২-০ গোলে জেতা দল আগামীকাল মঙ্গলবার বিকাল ৫টায় দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে।

প্রধান কোচ জেমি ডে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সোমবারের (১৬ নভেম্বর) অনলাইন সংবাদ সম্মেলনে ছিলেন না। সর্বশেষ টেস্টে ফল নেগেটিভ না হলে ডের পরিবর্তে ডাগআউটে দাঁড়াবেন ওয়াটকিস। সংবাদ সম্মেলনে আসন্ন ম্যাচ নিয়ে আশা কথা শোনালেন ৫৪ বছর বয়সী এই ইংলিশ কোচ।

প্রথম ম্যাচের পরের সময়টাতে দল মনোযোগী ছিল রিকভারির দিকে। নেপাল নিয়ে সতর্ক ওয়াটকিস জানালেন দ্বিতীয় ম্যাচের পরিকল্পনা থাকছে আগের মতোই।

“প্রথম ম্যাচের পর আমাদের ফোকাস খেলোয়াড়দের রিকভারির ওপরে ছিল। কারণ ৯ মাস পর প্রথমবার ছেলেরা খেলতে নেমেছিল। ম্যাচের পর প্রায় ৪৮ ঘন্টা খেলোয়াড়দের রিকভারির দিকে মনোযোগ দিয়েছি আমরা। প্রস্তুতিতে তেমন ভিন্নতা নেই। আমি আর জেমি বাংলাদেশে আসার পর প্রতি ম্যাচে যেমন প্রস্তুতি নিয়েছি, এবারও তার ব্যতিক্রম হয়নি।”

“গেম ম্যানেজমেন্টের দিকে নজর দিতে চাই আমরা। আগের ম্যাচে আমরা প্রথমার্ধেই ৩/৪ গোলে এগিয়ে যেতে পারতাম। সেটা হলে দ্বিতীয়ার্ধ আরও সহজ হয়ে যেত। আগের ম্যাচে মন্দের চেয়ে আমাদের ভালো দিকগুলোই বেশি ছিল। আমি নিশ্চিত, এবার নেপাল আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে। তবে আমরা সেরা ফল পাওয়ার চেষ্টা করব।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading