হত্যা মামলায় বাগেরহাটে কিশোরের ৫ বছরের কারাদণ্ড

হত্যা মামলায় বাগেরহাটে কিশোরের ৫ বছরের কারাদণ্ড

উত্তরদক্ষিণ | বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৯:২১

বাগেরহাটের মোড়েলগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে হত্যার মামলায় ১৩ বছরের এক কিশোরকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাগেরহাট শিশু আদালতের বিচারক জেলা জজ মো. নূরে আলম শিশু আইনে এ রায় ঘোষণা করেন।

সাজার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দণ্ডপ্রাপ্ত মো. হাসান রশিদ মৃধাকে শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার জন্য আদালত নির্দেশ দিয়েছে।

রায় ঘোষণার সময় হাসান কাঠগড়ায় উপস্থিত ছিল। সে মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের মো. তোফাজ্জেল হোসেন মৃধার ছেলে।

নিহত মাদ্রাসাছাত্রী হীরা আক্তার (১১) হাসানের প্রতিবেশী।

এ মামলায় অপর দুই প্রাপ্তবয়স্ক আসামির বিচার কার্যক্রম অন্য আদালতে চলমান রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ছাগল আটকে রাখাকে কেন্দ্র করে হীরাদের সাথে আসামি পক্ষের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত বছরের ২ জুলাই বিকালে আসামিরা হীরাদের বাড়িতে গিয়ে তাকে একা পেয়ে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করে।

এ ঘটনায় পরের দিন হীরার মা নাছিমা বেগম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন। পরে ১৮ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মোড়েলগঞ্জ থানার পরিদর্শক ঠাকুর দাস মন্ডল তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading