ইন্ডিয়ান নায়িকা শ্রাবন্তীকে কুপ্রস্তাবের অভিযোগে খুলনায় যুবক গ্রেপ্তার

ইন্ডিয়ান নায়িকা শ্রাবন্তীকে কুপ্রস্তাবের অভিযোগে খুলনায় যুবক গ্রেপ্তার

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৫৪

ইন্ডিয়ান বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত মোবাইল ফোনে কুপ্রস্তাবসহ বিভিন্ন ধরণের আপত্তিকর এসএমএস পাঠানোর অভিযোগে খুলনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে গ্রেপ্তারের পর মাহাবুবর রহমান (৩৩) নামের ওই যুবককে দুপুরে আদালতে তার এক দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

মাহাবুবর রহমান খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ৬/১ বকশিপাড়া রোডের বাসিন্দা সামছুল আলমের বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমানের ছেলে।

আদালত সূত্র জানায়, সকালে মাহাবুবকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন জানায়। পরে শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, ইন্ডিয়ার নায়িকা শ্রাবন্তীর ব্যক্তিগত মোবাইল নম্বর সংগ্রহ করে ওই নম্বরে বিভিন্ন সময় কল করতেন মাহাবুব। নায়িকা শ্রাবন্তী অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর ও কুপ্রস্তাব লিখে এসএমএস দিতেন মাহাবুব। নায়িকা শ্রাবন্তী বিষয়টি ইন্ডিয়ান হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়েছিলেন। সেই সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ সদর দপ্তরের নির্দেশে খুলনা মেট্রোলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় গত ১৬ নভেম্বর মামলা দায়ের হয়।

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) মো. খালিদ উদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন ওসি (তদন্ত) রাধে শ্যাম সরকার।

ইন্ডিয়ান চিত্র নায়িকা শ্রাবন্তীকে আপত্তিকর এসএমএস দেওয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলার পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading