নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৩০
নওগাঁ সদর ও মান্দা উপজেলায় শুক্রবার (২০ নভেম্বর) সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহতরা হলেন- সদর উপজেলার বাচাড়ীগ্রামের শামসুল হকের স্ত্রী আরিফা বেগম (৫৫) এবং কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা আংগারিয়া গ্রামের শরৎ চন্দ্র বর্মণের ছেলে দীনেশ চন্দ্র বর্মণ (৩৮) ও দীনবন্ধু বর্মণের ছেলে দীনেশ বর্মণ (৩৬)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, ভূরুঙ্গামারী থেকে খড় নিয়ে একটি ট্রাক রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বাজারে যাচ্ছিল। পথে সাড়ে ৫টার দিকে মান্দা ফেরিঘাট এলাকায় জোনাকী হোটেলের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই আরেক ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দীনেশ চন্দ্র ও দীনেশ বর্মণ নিহত হন। এ ঘটনায় ট্রাকের চালকসহ আরও পাঁচজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা আহত পাঁচজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
অন্যদিকে, সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান যে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ডাক্তার মোড় এলাকায় আরিফা বেগম বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় নওগাঁগামী বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন

