সাইবার বুলিং নিয়ে মুখ খুললেন মিথিলা
উত্তরদক্ষিণ | শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:৪১
অভিনেত্রী-কণ্ঠশিল্পী মিথিলা বাংলাদেশের শিল্পীদের মধ্যে সাম্প্রতিককালে সম্ভবত সবচেয়ে বেশি সাইবার বুলিং-এর শিকার হয়েছেন । তবে এবারই প্রথম নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বাজে অভিজ্ঞতা এবং সোশ্যাল মিডিয়ায় নারীদের প্রতি এক শ্রেণীর পুরুষদের ক্রমাগত আক্রমণের প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে জানালেন তিনি।
সঙ্গীতশিল্পী তাহসানের সাথে ১১ বছরের পুরনো ঘর ভাঙার গল্প থেকে শুরু করে কলকাতার নামজাদা পরিচালক সৃজিতের সঙ্গে গাঁটছড়া বাঁধা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় হেনস্তা হয়েছেন নানাভাবে। এমনকি এখনও- তিনি নানাভাবেই বুলিংয়ের স্বীকার হচ্ছেন। তবে এই বিষয়ে একেবারেই চুপ ছিলেন মিথিলা।
শুক্রবার (১১ ডিসেম্বর) মিথিলা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন একটি ভিডিও বার্তা। #16daysofactivism এই হ্যাশট্যাগ দিয়ে মিথিলা বলেন, ‘প্রতিটি মানুষেরই একটা ব্যক্তিগত জীবন থাকে। সেখানে তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকে। এবং সেই সিদ্ধান্তগুলো তার জীবনকেই প্রভাবিত করে। আপনার জীবনকে না।’
স্পষ্ট ভাষায় মিথিলা বলেন, ‘মেয়েদের ব্যক্তিগত জীবন নিয়ে না ভেবে, নিজের জীবন নিয়ে ভাবুন।’
আরও যোগ করেন, ‘অথচ আমরা অনেকেই আছি, যাদের অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে প্রচণ্ড উৎসাহ। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অন্যের ব্যক্তিগত জীবন ও সিদ্ধান্ত নিয়ে কুরুচিপূর্ণ কথা বলতে দ্বিধা করি না। সোশ্যাল মিডিয়াতে নারীদের উত্যক্ত করা, কুরুচিপূর্ণ মন্তব্য করা- এসব বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রাধান্য দিতে হবে অন্যের সিদ্ধান্তকে।’
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সৃজিত-মিথিলা দম্পতি এখন কলকাতাতেই আছেন। গেল ৬ ডিসেম্বর প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে দারুণ সময় কাটিয়ে এসেছেন সুন্দরবন অঞ্চল থেকে।
আনন্দ সফর প্রসঙ্গে মিথিলা আগেই বলেছেন, ‘বাংলাদেশে সুন্দরবনের বেশির ভাগ অংশ হলেও আগে যাওয়া হয়নি। তবে কলকাতা থেকে খুবই কাছে। আমরা একটা নৌকা ভাড়া করে খুব ভোরে বেরিয়েছিলাম। সারা রাত নৌকায় কাটিয়েছি, গান শুনিয়েছি সৃজিতকে। ব্যান্ডের গান, ছবির গান, রবীন্দ্রসংগীত…। দারুণ সময় কাটলো আমাদের।’

