মধু-ওয়াইন খেয়ে মৃত্যু অভিনেত্রী আর্যার!
উত্তরদক্ষিণ | রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:০২
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায়, পড়ে গিয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রী আর্যা বন্দ্যোপাধ্যায়ের। তার ঘর থেকে উদ্ধার হয়েছে ওয়াইন-এর বোতল, পানমশলার প্যাকেট।
জানা যায়, ওয়াইনের সঙ্গে মধু মিশিয়ে, এমনকি তার সঙ্গে ভদকা দিয়েও আর্যা মদ্যপান করতেন। মনে করা হচ্ছে, রাতে খাওয়াদাওয়ার পর মদ্যপান করার পরই তার মৃত্যু হয়েছে।
উদ্ধার হয়েছে ওষুধ, চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র। হেপাটিইটিস-বি রোগে আক্রান্ত ছিলেন আর্যা। কিডনি-র সমস্যাও ছিল। প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ হিসাবে দুর্ঘটনাজনিত তত্ত্ব সামনে এলেও, অন্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলে জানার চেষ্টা চলেছে, অভিনেত্রী আর্যা মানসিক সমস্যায় ভুগছিলেন কি না।
শুক্রবার (১২ ডিসেম্বর) গৃহ পরিচারিকা পুলিশকে জানিয়েছিলেন, আর্যা বাইরের লোকের সঙ্গে খুব একটা মিশতেন না। ওই দিন কলিংবেল টিপলেও কেউ দরজা খোলেনি। ফোনেও সাড়া পাওয়া যায়নি। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায়, এই ঘটনার সঙ্গে খুনের কোনও যোগ রয়েছে বলেও মনে করছেন না তদন্তকারীরা। তবে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত চলছে।

