মাদকের কারবার হচ্ছে নির্বিঘ্নে, জড়িতদের অবস্থান জানতে চায় অধিদফতর
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৪০
এ বছরের শুরুর সাত মাসের তুলনায় পরের চার মাসে যেকোনও ধরনের মাদক চালান বেড়ে গেছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অধিদফতর বলছে, গত চার মাসে ইয়াবাসহ যেকোনও ধরনের মাদক দেশের বিভিন্ন জায়গায় আগের চেয়ে বেশি জব্দ করা হয়েছে। এসব চালানের বিপরীতে মামলার সংখ্যা এবং গ্রেফতার বেড়েছে। তবে কমেনি চোরাচালান। এমতাবস্থায় চোরাচালান রোধে কারবারিদের অবস্থান শনাক্তে মোবাইল ট্র্যাকার চায় অধিদফতর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অধিদফতরের অনুকূলে এখন পর্যন্ত কোনও মোবাইল ট্র্যাকার নেই। মোবাইল/লোকাল ট্র্যাকার না থাকায় মাদক ব্যবসায়ীদের সঠিক অবস্থান নির্ণয় করা সম্ভব হয় না। ঘটনাস্থলের আশেপাশে গেলেই টের পেয়ে সটকে পড়ছে কারবারিরা। মোবাইল ট্র্যাকার থাকলে, আসামি ধরার পাশাপাশি মাদক ব্যবসার মূল হোতাদের সহজেই আইনের আওতায় আনা সম্ভব হতো। আসামিদের সঙ্গে মূল হোতাদের যোগাযোগের সূত্রও পাওয়া যেতো। কিন্তু মোবাইল ট্র্যাকার না থাকায় বহনকারীদের সঙ্গে যে মূল হোতাদের যোগাযোগ হচ্ছে, সেটা গোয়েন্দা কর্মকর্তাদের কাছে গোপনই থেকে যাচ্ছে। তাই অধিদফতর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মোবাইল ট্র্যাকার চেয়ে আবেদেন করেছেন তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সঞ্জয় কুমার চৌধুরী বলেন, ‘আমাদের মোবাইল ট্র্যাকার নেই। অভিযানের ক্ষেত্রে মোবাইল ট্র্যাকার প্রয়োজন। এটা কেনার বিষয়ে আলোচনা চলছে। হাতে পেলে মাদক ব্যবসায়ী ধরতে অভিযানসহ বেশ কিছু সুবিধা পাবো।’

