সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার আশ্বাস বিএসএফের

সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার আশ্বাস বিএসএফের

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:৫২

ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তে হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। ইন্ডিয়ার গৌহাটিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫১তম সীমান্ত সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা এ আশ্বাস দেন। যৌথ এক প্রেস বিবৃতিতে শুক্রবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।

এছাড়া সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনও উন্নয়ন কাজ করবে না বলেও ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশ ও ইন্ডিয়া।

ইন্ডিয়ার গৌহাটিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫১তম সীমান্ত সম্মেলন উপলক্ষে এই যৌথ প্রেস বিবৃতি দেওয়া হয়। ২২ ডিসেম্বর শুরু হওয়া এই সম্মেলন ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ও বিএসএফ‘র মহাপরিচালক রাকেশ আস্থানা

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ ১১ সদস্যের প্রতিনিধি দল ইন্ডিয়ার গৌহাটিতে অনুষ্ঠিত এ সম্মেলনে অংশ নিচ্ছেন। এতে ইন্ডিয়ার পক্ষে অংশ নিচ্ছেন বিএসএফ মহাপরিচালক শ্রী রাকেশ আস্থানা, আইপিএস-এর নেতৃত্বে ইন্ডিয়ার স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ ১২ সদস্যের প্রতিনিধিদল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে হত্যার ঘটনা অদূর ভবিষ্যতে উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে বিএসএফ মহাপরিচালক আশ্বাস দেন। তিনি বলেন, অবৈধ মাদক পাচারের ফলে উভয় দেশের যুব সমাজের মধ্যে মাদকাসক্তি মারাত্মকভাবে বেড়েছে, যা উভয়ের জন্যই বিপজ্জনক এবং এটাকে কার্যকরভাবে মোকাবিলা করা দরকার। এ ব্যাপারে চোরাকারবার সম্পর্কিত তাৎক্ষণিক ও দরকারি তথ্য পরস্পরের মধ্যে আদান-প্রদান এবং প্রয়োজনে যৌথ অভিযানে উভয় সীমান্তরক্ষী বাহিনী উপকৃত হবে।

এদিকে, প্রচলিত আইন ও বিধি লঙ্ঘন করে ইন্ডিয়ান নাগরিক এবং বিএসএফ সদস্যরা প্রায়শই বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে, যা দুটি বন্ধুত্বপূর্ণ সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝি এবং অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে বিজিবি মহাপরিচালক উদ্বেগ প্রকাশ করেন। তিনি উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে বিএসএফের সহযোগিতা কামনা করেন। উভয় পক্ষই অবৈধভাবে সীমানা অতিক্রম/সীমানা লঙ্ঘন থেকে সীমান্তবর্তী জনসাধারণকে বিরত রাখতে সম্মত হন। একই সঙ্গে উভয় বাহিনীর সদস্যদের মাধ্যমে সীমান্তের নিয়ম-নীতি বজায় রাখার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading