ইইউভুক্ত দেশগুলোতে কোভিড-১৯ টিকাদান শুরু
উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৮:৫৫
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সব সদস্য দেশগুলোতে একযোগে টিকাদান কর্মসূচি শুরু করেছে। এর মধ্য দিয়ে কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে বড় ধরনের প্রতিরোধ লড়াই শুরু করেছে। এই গণ টিকাদানকে ‘টাচিং মোমেন্ট অব ইউনিটি’ বলে বর্ণনা করেছেন ইইউ’র শীর্ষ কর্মকর্তা।
বিবিসি জানায়, শনিবার (২৬ ডিসেম্বর) এক টুইটে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিন ইইউ সদস্যভূক্ত ২৭ দেশের সবক’টিতেই ফাইজার-বায়োএনটেক এর টিকা সরবরাহ করার খবর নিশ্চিত করে জানিয়েছেন।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘আজ, আমরা একটি কঠিন বছরের পাতা উল্টে দেওয়ার কাজ শুরু করেছি। কোভিড-১৯ এর টিকা ইইউভুক্ত সব দেশে পাঠানো হয়েছে।”
ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) এবং ইউরোপিয়ান কমিশন ফাইজার-বায়োএনটেক এর টিকা গণহারে ব্যবহারের জরুরি অনুমোদন দেওয়ার পর এ উদ্যোগ নেওয়া হয়।
বড় ধরনের এই কর্মসূচির আওতায় ইইউ দেশগুলোর ৪৪ কোটি ৬০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে।
জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পাহন বলেন, “মহামারী প্রতিরোধে এই টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাবিকাঠি। এটা আমাদের জীবন আবার ফিরে পাওয়ার চাবি।”
ওদিকে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমরা আবার আমাদের স্বাধীনতা ফিরে পাব। আমরা আবার একজন আরেকজনকে জড়িয়ে ধরতে পারব।”
ইউরোপে এখন পর্যন্ত ৩ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন এক কোটি ৪০ লাখের বেশি মানুষ।

