১২০ ফুট রাস্তাটির টিকে আছে মাত্র ২০ ফুট: মেয়র আতিক

১২০ ফুট রাস্তাটির টিকে আছে মাত্র ২০ ফুট: মেয়র আতিক

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:৪৫

রাজধানীর ভাসানটেক বাজারের মূল রাস্তাটি দখল হয়ে যাওয়ায় ১২০ ফুটের জায়গায় এখন টিকে আছে মাত্র ২০ ফুট বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘ভাসানটেকের মূল রাস্তাটি ১২০ ফুট চওড়া। এই এলাকার মানুষ জানে, আগে কী অবস্থা ছিল। আগের চিত্র এবং বর্তমান চিত্রের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। দুঃখের বিষয় হচ্ছে— এই ১২০ ফুট চওড়া রাস্তা পেরিয়ে ভেতরে ঢুকলে রাস্তাটি ২০ ফিট হয়ে যাচ্ছে।’

বুধবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ভাসানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত সরু সড়কটি পরিদর্শনে এসে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা চাই, যে জায়গাগুলো মানুষ দখল করেছে, তা উদ্ধার করতে হবে। এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমি মনে করি, যতটুকু জায়গায় রাজউকের অনুমোদন আছে, ততটুকুতেই ভবন বানাতে হবে। দখল করা জায়গা ছেড়ে দিতে হবে। আমি রাজউকের সঙ্গে কথা বলেছি। তারা বাড়ির সীমানা মার্কিং করবে। দখল করা জায়গা আমরা ভেঙে দেবো। এখানকার স্থানীয় জনগণসহ জনপ্রতিনিধিরা সকলেই চাচ্ছেন, এই সড়কটি প্রশস্ত করতে। আমরা তা করবো।’ পরে মেয়র ভাসানটেক বস্তি পরিদর্শন করেন।

বেলা ১২টায় আতিকুল ইসলাম ১৬ নম্বর ওয়ার্ডের ইব্রাহিমপুর এলাকা পরিদর্শন করেন। ইব্রাহিমপুরে প্রায় চার কিলোমিটার রাস্তার উভয় পাশে প্রায় ৩৫০টি বাড়ি ও দোকানের সামনের দেয়াল ভেঙ্গে প্রশস্ত করা হয়। বাড়ি ও দোকানমালিকরা নিজ উদ্যোগে এটি করেন। এর ফলে গলির ভেতরের এই রাস্তা দিয়ে সহজে যান চলাচল করতে পারবে। সড়কগুলো হচ্ছে— ইব্রাহিমপুর মুন্সিবাড়ি সড়ক থেকে মধ্যপাড়া জামে মসজিদ হয়ে ইব্রাহিমপুর প্রধান সড়ক পর্যন্ত এবং ফ্যাশন টেইলার্সের গলি থেকে বিআরবি গার্মেন্টস পর্যন্ত। গলির ভেতরে এই সড়কগুলো ইতোপূর্বে ৯ ফুট থেকে ১২ ফুট প্রশস্ত ছিল। বাড়ি ও দোকানের দেয়াল ভাঙার পরে বর্তমানে তা ১৬ ফুট থেকে ২০ ফুট প্রশস্ত হয়েছে। -বাংলা ট্রিবিউন

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading