শৃঙ্খলা ভঙ্গ হলে ছাড় নয়: ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৮:৪০
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কেউ কোনো বিশেষ সুবিধা পাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছোট ভাই আব্দুল কাদের মির্জার বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের এমন কথা বলেছেন তিনি।
আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী কাদের মির্জার কয়েকটি বক্তব্য সম্প্রতি সোশাল মিডিয়ায় আলোচিত হয়। এর একটিতে তাকে বলতে শোনা গেছে- ‘সুষ্ঠু নির্বাচন হলে বৃহত্তর নোয়াখালীতে তিন-চারটা আসন ছাড়া বাকি আসনে আমাদের এমপিরা দরজা টোয়াই পাইতো ন (খুঁজে পাবে না)। এটাই হলো সত্য কথা।”
কাদের মির্জা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র। ওই আসনেই ওবায়দুল কাদের সংসদ সদস্য।
তার এই বক্তব্য জাতীয় নির্বাচনে কারচুপির প্রমাণ হিসেবে তুলে ধরেছে আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি এবং তাদের জোটের নেতারা।
তবে কাদের মির্জা দাবি করেছেন, তার বক্তব্য ‘বিকৃত’ করে প্রচার করা হচ্ছে। এ নিয়ে আলোচনার মধ্যে বুধবার (৬ জানুয়ারি) নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে আসেন ওবায়দুল কাদের।
ভাইয়ের বক্তব্যের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “দেখুন বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি পার্টি, এই পার্টিতে সভাপতি শেখ হাসিনা ছাড়া কেউ দলে অপরিহার্য নয়। আমরা কেউ নিয়ম শৃঙ্খলার ঊর্ধ্বে নই। দল করলে দলের নিয়ম-কানুন সবাইকে মেনে চলতে হবে। দলের শৃঙ্খলা মেনে সবাইকে চলতে হবে।
“শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের কেন্দ্রীয় কমিটি, দলীয় সভানেত্রীর সভাপতিত্বে ব্যবস্থা নিয়ে থাকে এবং ব্যক্তিগতভাবে সভাপতি শেখ হাসিনা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যেকোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন।”
তিনি বলেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই। শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে শেখ হাসিনা ব্যবস্থা নেবেন। এ ব্যাপারে আমরা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কেউ ছাড় পাবে না। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তি এটা বিশেষ কারও ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়ার বিষয় নয় এবং সুযোগও নেই।”
সরকারের ধারাবাহিকতায় গত ১২ বছরে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির সকল সূচকে যুগান্তকারী মাইলফলক স্পর্শ করছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

