মেসির নৈপুণ্যে বার্সার বড় জয়

মেসির নৈপুণ্যে বার্সার বড় জয়

উত্তরদক্ষিণ | রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১১:৪৩

বিরতির আগেই জোড়া গোল পেলেন লিওনেল মেসি। একাদশে ফেরা অঁতোয়ান গ্রিজমানও গোল করে ও করিয়ে আলো ছড়ালেন। আক্রমণভাগের জ্বলে ওঠার দিনে গ্রানাদাকে উড়িয়ে লিগ টেবিলে আরেক ধাপ উপরে উঠল বার্সেলোনা।

লস কারমেনেসে শনিবার (৯ জানুয়ারি) লা লিগায় ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। এই জয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠল রোনাল্ড কুমানের দল।

গত বছর সেপ্টেম্বরে এই মাঠে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা।

মৌসুমের শুরু থেকে লিগে বারবার হোঁচট খাওয়া বার্সেলোনা বিশেষ করে ধুঁকছিল প্রতিপক্ষের মাঠে। হতাশার সেই গণ্ডি ভেঙে বেরিয়ে আসা দলটি এই নিয়ে টানা চারটি অ্যাওয়ে ম্যাচে জিতল।

ফ্রেংকি ডি ইয়ংয়ের ভুলে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল খেতে বসেছিল বার্সেলোনা। ডি-বক্সের বাইরে এই ডাচ মিডফিল্ডারের দুর্বল-ব্যর্থ পাসের পর সতীর্থের পা ঘুরে বল ধরে জোরালো শট নেন রবের্তো সলদাদো। ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

দ্বাদশ মিনিটে সৌভাগ্যসূচক গোলে এগিয়ে যায় বার্সেলোনা। মেসির পাস ধরে তাকেই ফেরত দিতে গিয়েছিলেন সের্হিও বুসকেতস। মাঝপথে সলদাদোর পায়ে লেগে ডি-বক্সে ফাঁকায় পেয়ে ঠাণ্ডা মাথায় নিখুঁত শটে বল জালে পাঠান একাদশে ফেরা গ্রিজমান। ফরাসি এই ফরোয়ার্ড অফসাইড পজিশনে থাকলেও বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে আসায় গোল পায় তারা।

বিরতির আগেই মেসির নৈপুণ্যে ব্যবধান আরও বাড়ে, ম্যাচে নিয়ন্ত্রণ পায় বার্সেলোনা। ৪২তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে লাফিয়ে ওঠা রক্ষণপ্রাচীরের নিচ দিয়ে নেওয়া ফ্রি-কিকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

এবারের লিগে মেসির প্রথম ফ্রি কিক গোল, গত জুলাইয়ের পর প্রথম। লা লিগায় ফ্রি কিকে তার মোট গোল হলো ৩৭টি। তার অভিষেকের পর থেকে হিসেবে করলে ধারেকাছে নেউ কেউ; এই সময়ের দ্বিতীয় সর্বোচ্চ ক্রিস্তিয়ানো রোনালদোর ১৯টি। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার জার্সিতে মেসির ফ্রি কিক গোল হলো ৪৮টি।

৬৩তম মিনিটে ডান দিক থেকে দেম্বেলের চিপ করে বাড়ানো বল ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে দুরূহ কোণ থেকে নিখুঁত শটে স্কোরলাইন ৪-০ করেন গ্রিজমান।

এতে জয় প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে মেসিকে তুলে নেন কোচ।

৭৮তম মিনিটে ডি-বক্সের বাইরে মেসির বদলি মার্টিন ব্রাথওয়েটকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন হেসুস ভালেহো। প্রতিপক্ষে এক জন কম থাকার সুযোগে বাকি সময়ে অবশ্য তেমন নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি দেম্বেলে-পেদ্রিদেরও তুলে নেওয়া বার্সেলোনা।

আসরে এই নিয়ে টানা আট ম্যাচ অপরাজিত রইলো তারা; টানা তিনটি সহ জয় ছয়টি, ড্র দুটি।

১৮ ম্যাচে ১০ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৩৪। চার নম্বরে নেমে যাওয়া ভিয়ারিয়ালের পয়েন্ট ৩২।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading