অসম্মানজনক বিদায়ের পথে ট্রাম্প
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ০৮:২০
কংগ্রেস ভবনে কলঙ্কজনক হামলার পর প্রেসিডেন্ট পদ থেকে ডোনাল্ড ট্রাম্পকে অসম্মানজনকভাবে বিদায় করতে আরেক ধাপ এগিয়ে গেলেন মার্কিন আইনপ্রণেতারা। তবে ২৫তম সংশোধনী প্রয়োগের প্রস্তাব নাকচ করলেন পেন্স।
বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোররাত) মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের (ইমপিচমেন্ট) প্রস্তাব পাস হয়।
বিবিসি জানিয়েছে, ডেমোক্রেটিক পার্টির আনা এই প্রস্তাবে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরও সমর্থনও মেলে।
সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির মেয়ে লিজ চেনিসহ ১০ জন রিপাবলিকান নেতা ভোট দেন ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবে।
৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি ২৩২-১৯৭ ভোটে পাস হয় বলে সিএনএন জানিয়েছে। সহিংস বিদ্রোহে উসকানি দেওয়ার জন্য দায়ী করে ট্রাম্পের বিরুদ্ধে প্রস্তাবটি পাস হয়।
প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়া ট্রাম্প আর মাত্র মাত্র এক সপ্তাহ হোয়াইট হাউজে রয়েছেন। তবে এই ভোটের মধ্য দিয়ে নতুন এক নজির গড়লেন তিনি, তবে সেটা অসম্মানের। তিনিই প্রথম প্রেসিডেন্ট যিনি দুই বার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেন।
প্রসঙ্গত, কোনো প্রেসিডেন্ট রাষ্ট্রদ্রোহ, ঘুষ নেওয়া কিংবা অপরাধমূলক কোনো কাজে জড়িত হলে তাকে সরানোর অস্ত্র এই অভিশংসন।

