ইন্ডিয়ায় বার্ড ফ্লু: মুরগির বাচ্চা আমদানি বন্ধ
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১০:৪০
প্রতিবেশী দেশ ইন্ডিয়ায় বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বাইরে সতর্ককতামূলক ব্যবস্থার অংশ হিসেবে মুরগির বাচ্চা আমদানিও বন্ধ রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ইন্ডিয়ার অন্তত আটটি রাজ্যে বার্ড ফ্লু দেখা দেওয়ায় দেশে এ রোগের সংক্রমণ রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগাম প্রস্তুতি নিতে মঙ্গলবার প্রাণিসম্পদ অধিদপ্তরকে চিঠি দেয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
এ বিষয়ে বুধবার (১৩ জানুয়ারি) মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, “ইন্ডিয়ায় বার্ড ফ্লু দেখা দেওয়ার কারণে যাতে আমাদের দেশে এই রোগ ছড়িয়ে না পড়ে তাই আমরা সতর্ক থাকছি। আমরা ভারত থেকে কোনো প্রাণি, মুরগি বা হাঁস বা ডিম আমদানি করছি না, মুরগির বাচ্চাও না।”
দেশে কোথাও এখনও বার্ড ফ্লু সংক্রমণের খবর নেই বলে জানান তিনি।
ব্যবসায়ীরাও নিজ উদ্যোগেই মুরগির বাচ্চা আমদানি বন্ধ রেখেছেন বলে জানিয়েছেন পোলট্রি খাতের সংগঠন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সাধারণ সম্পাদক দেবাশীষ নাগ। তিনি বলেন, “বার্ড ফ্লুর কারণে আমরা সাময়িকভাবে দেশের বাইরে থেকে মুরগির বাচ্চা আমদানি করা বন্ধ ঘোষণা করেছি, যদিও আমরা ইউরোপের দেশগুলো থেকেই মুরগির বাচ্চা আমদানি করি। যত দিন অবধি বার্ড ফ্লুর আতঙ্ক না কাটবে, আমরা মুরগির বাচ্চা আমদানি করছি না।”
এর আগে বাংলাদেশে বার্ড ফ্লুর সাব টাইপ এইচ ফাইভ এন ওয়ান (হাই-প্যাথোজেনিক) ও এইচ নাইন এন টু (লো-প্যাথোজেনিক)- এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

