বিএনপি ভ্যাকসিন নিয়ে নতুন করে অপপ্রচার শুরু করছে: ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:০০
বিএনপি করোনার ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশের কল্যাণকর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করাই এখন বিএনপির স্বভাবে পরিণত হয়েছে। করোনার শুরুতে যারা ব্যাপক অপপ্রচার চালিয়েছিল, তারাই এখন ভ্যাকসিন নিয়ে নতুন করে অপপ্রচার শুরু করছে।’
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) তার সরকারি বাসভবন থেকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ অভিযোগ করেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিটি মৃত্যু বেদনার, করোনায় একটি মৃত্যুও কামনার নয়। প্রধানমন্ত্রী করোনা মোকাবিলায় অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। নানা উদ্যোগ গ্রহণ করে দেশে করোনার সংক্রমণ রোধ, আক্রান্তদের চিকিৎসা, অসহায় মানুষের সুরক্ষা এবং জীবন-জীবিকা সচল রেখেছেন তিনি। করোনায় কিছু মৃত্যু হলেও প্রধানমন্ত্রীর মানবিক নেতৃত্বের কারণে আশঙ্কা অনুযায়ী ক্ষয়ক্ষতি হয়নি। করোনার ভ্যাকসিন নিয়ে সরকার এত দ্রুতগতিতে ব্যবস্থা করতে সক্ষম হয়েছে বলেই বিএনপির আজ গাত্রদাহ হচ্ছে। সরকারের জননন্দিত কাজের প্রশংসা বিএনপির অভিধানে নেই।’
সরকার শেখ হাসিনার সাহসী নেতৃত্বে করোনা পরিস্থিতি ব্যবস্থাপনার মতো টিকা সংগ্রহ এবং টিকা প্রদানের কার্যক্রমও স্বচ্ছতা ও সফলতার সঙ্গে শেষ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

